ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কে চ্যালেঞ্জ জানাতে সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনোত ও ইয়াইর লাপিদ হাত মিলিয়েছেন। তারা তাদের রাজনৈতিক দলগুলো একীভূত করে ‘বেইয়াহাদ’ নামে একটি নতুন জোট গঠন করেছেন, যার অর্থ হিব্রু ভাষায় ‘একসাথে’। এই জোটের নেতৃত্বে থাকবেন নাফতালি বেনোত।
গত রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াইর লাপিদ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য বাতাসের মতোই জরুরি। তিনি বেনোতকে একজন “উদারপন্থী, ভদ্র এবং আইন মেনে চলা ডানপন্থী” নেতা হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে বেনোত সামাজিক যোগাযোগমাধ্যমে এই জোটকে “জায়নবাদী ও দেশপ্রেমিক পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে বলেন, বিভাজনের যুগ শেষ হয়ে এখন দেশ মেরামতের সময় এসেছে।
জোটের রূপরেখায় ধর্মীয় ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির কথা বলা হলেও বেনোত স্পষ্ট করেছেন, তারা কেবল জায়নবাদী দলগুলোর সঙ্গেই কাজ করবেন এবং কোনো আরব নেতৃত্বাধীন দলকে অন্তর্ভুক্ত করবেন না।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই দুই নেতা একসঙ্গে জোটবদ্ধ হয়ে নেতানিয়াহুকে পরাজিত করেছিলেন এবং পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে নেতানিয়াহু দুর্নীতি মামলা, বিচার বিভাগীয় সংস্কার নিয়ে জনঅসন্তোষ এবং ২০২৩ সালের হামাস হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে তীব্র সংকটে রয়েছেন। গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০২৫ সালের আগস্টে পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৭৬ শতাংশ নাগরিক তাঁর সরকারের ওপর আস্থা হারিয়েছেন।
এই প্রেক্ষাপটে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটসহ অনেক প্রভাবশালী রাজনীতিক নতুন জোটকে স্বাগত জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, লিকুদ পার্টির জনপ্রিয়তা ক্রমশ কমে যাওয়ায় বেনোত ও লাপিদের নেতৃত্বে গঠিত ‘বেইয়াহাদ’ ইসরায়েলের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
সূত্র: মিডলইস্ট আই


