
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
আজ গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষার্থী ২২ হাজার
বেরোবি প্রতিনিধি: মো. শরীফুল ইসলাম শরীফ|শিক্ষা
৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৯৩ হাজার ১০২ জন যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৭ টি উপকেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২২ হাজার ৪৭০ জন।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী সারাদেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। বরাবরের ন্যায় এবারেও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের' বি' ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।
বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষা উপলক্ষে দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা সেবার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহ। শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে সেবা দিতে প্রস্তুত থাকবে মেডিকেল টিম।
এছাড়াও সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত থাকবে রোভার স্কাউট, বিএনসিসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা থাকবে এবং রাস্তার যানজট নিয়ন্ত্রণ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট এবং ভবনের প্রবেশমুখে রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও উপস্থিত থাকবে। পাশাপাশি অভিভাবকদের জন্য নির্মাণাধীন টিএসসি ভবনে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ১২:৪৬ PM