“মাছ চাষে সমৃদ্ধি, দেশের অর্থনীতিতে গতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি পোরশায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ, জলাশয়ের সুষ্ঠু ও সঠিক ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


