কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, "বিগত দিনে দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালানো আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ তাদের এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না।" যেকোনো মূল্যে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদল রাজপথে থেকে সব ষড়যন্ত্র রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।


