সংসদের প্রথম অধিবেশনে গাইবান্ধা-০২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আব্দুল করিম গাইবান্ধার কৃষি বাস্তবতা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি জানান, জেলার প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষিনির্ভর হলেও ধান, ভুট্টা ও মরিচ উৎপাদনে সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।
বর্তমানে গাইবান্ধায় ধানের গড় উৎপাদন প্রায় ৪.৫ টন প্রতি হেক্টর, যা জাতীয় গড়ের তুলনায় কিছুটা কম। মাত্র ৩৫-৪০ শতাংশ কৃষক আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। গবেষণা, প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক ল্যাব সুবিধার ঘাটতিই এই সীমাবদ্ধতার মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।
জনাব করিম বলেন, যথাযথ পরিকল্পনা ও গবেষণা সহায়তা পেলে উৎপাদন ২০-৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি সম্ভব। এজন্য গাইবান্ধায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদনশীলতা বাড়বে, কৃষিনির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং গাইবান্ধা দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।


