
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধা জেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত অন্যতম জনপ্রিয় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসপাতাল রোড আলোর কাফেলা’ সফলতার ৫ বছর পূর্ণ করেছে। ২০২১ সালের ৫ এপ্রিল “অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ”—এই শপথ নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি আজ ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে।
বিগত পাঁচ বছরে সংগঠনটি সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য—শীতবস্ত্র ও কম্বল বিতরণ, অসহায়দের মাঝে সেমাই-চিনি ও ঈদ উপহার প্রদান, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো। শুধু আর্থিক সহায়তাই নয়, মসজিদ-মাদ্রাসা ও ঈদগাহে স্বেচ্ছাসেবী কার্যক্রম, কুরআন বিতরণ, ইফতার মাহফিল ও ওয়াজ মাহফিল আয়োজনেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া হাসপাতালে রোগীদের খোঁজখবর নেওয়া, এলাকায় কারও মৃত্যু হলে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো এবং জরুরি স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণায়ও তাদের অবদান প্রশংসনীয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার সালেহীন মাহমুদ সাদ এক আবেগঘন বার্তায় বলেন, “হাসপাতাল রোড আলোর কাফেলা এখন আর শুধু একটি সংগঠন নয়, এটি গাইবান্ধার সাধারণ মানুষের ভরসার একটি আশ্রয়স্থল। আমরা দল-মত নির্বিশেষে একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই—যেখানে থাকবে সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা।”
তিনি আরও বলেন, “এই পথচলায় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, কৃষক, শ্রমিক, চিকিৎসক, আইনবিদ, চাকরিজীবী, শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রবাসী ভাইদের সহযোগিতা ও দোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের অর্থ আমাদের দেশের অর্থনৈতিতে বড় ভূমিকা পালন করে।”
এ উপলক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শাহজাহান খন্দকার, সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট সুলতান মাহমুদ শাহীন, উপদেষ্টা খন্দকার শাহাদাত হোসেন, হাফেজ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম, হাফেজ শামসুল ইসলাম বাবলা, মো. আউয়াল খন্দকার, সভাপতি খন্দকার শরীফুল ইসলাম এবং সহ-প্রতিষ্ঠাতা মো. আবির খন্দকারসহ সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, অহংকারমুক্ত মন, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিক চেতনা নিয়ে এই কাফেলা ভবিষ্যতেও গাইবান্ধার প্রতিটি ঘরে ঘরে মানবতার আলো পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির প্রধান কার্যালয়, জেনারেল হাসপাতাল রোডের ফকিরপাড়া এলাকায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।