গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। শনিবার বিকেলে জেলা ছাত্রশিবিরের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি শহরের উত্তর তেমুহনী (আফনান চত্বর) থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশ নেন শহর শিবির সভাপতি আব্দুল আউয়াল হামদু, সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল, জেলা সভাপতি আরমান হোসেন, সেক্রেটারি পারভেজ হোসাইন, শহর অফিস সম্পাদক জুনায়েদ হোসেনসহ রাশেদ হোসেন, রাজীব হোসেন, নাদিম মাহমুদ ও আব্দুল মোতালেব প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তারা বলেন, সারাদেশে খুন, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। গাইবান্ধায় শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীকে নির্মমভাবে হত্যা করা হলেও এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
বক্তারা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।


