গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত রামমন্দিরের প্রতিষ্ঠাতার পক্ষে সংবাদ প্রকাশে চাপ প্রয়োগের অভিযোগ তুলে একটি জাতীয় দৈনিক পত্রিকা থেকে অব্যাহতি নিয়েছেন সাংবাদিক মিলন খন্দকার। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মিলন খন্দকার বর্তমানে আনন্দ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, পেশাগত নীতি ও সাংবাদিকতার আদর্শের সঙ্গে আপস না করেই তিনি ওই পত্রিকার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “রামমন্দিরের প্রতিষ্ঠাতার পক্ষে নিউজ করতে বাধ্য করায় খবরের কাগজ থেকে অব্যাহতি নিলাম। খোদা হাফেজ খবরের কাগজ।”
তার এ বক্তব্য প্রকাশের পর জেলার সাংবাদিক সমাজে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক সাংবাদিক ও সচেতন নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্তকে নীতিগত অবস্থান হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন।
সাংবাদিক মিলন খন্দকারের দাবি, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা পক্ষের হয়ে সংবাদ পরিবেশনের চাপ সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ঘটনাটি জেলার সাংবাদিক অঙ্গনে নতুন করে সংবাদপত্রের স্বাধীনতা, পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আলোচনা সৃষ্টি করেছে।


