রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বংশাল মুকিমবাজারে পাঠানো হয় সাতটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।










