চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ০৭ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। যা গত বছরের তুলনায় বেড়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।
এর আগে গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। গত ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।


