ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে গরু, ষাঁড়, বলদ, বাছুর ও মহিষসহ সব ধরনের গবাদি পশু প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশু জবাইয়ের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন সনদ বাধ্যতামূলক। সনদ পেতে হলে পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত পশুকেও জবাইয়ের জন্য বিবেচনা করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, অনুমতিপ্রাপ্ত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা প্রশাসনের নির্ধারিত স্থানে জবাই করা যাবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ স্থানে পশু জবাই করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
তদারকির জন্য পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তাদের যেকোনো স্থাপনা পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। এই কাজে বাধা দিলে তা আইনের লঙ্ঘন হিসেবে ধরা হবে।
শাস্তির বিধানে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক হাজার রুপি জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। সব ধরনের অপরাধকে ‘আমলযোগ্য’ হিসেবে গণ্য করা হবে।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসার পরই এই সিদ্ধান্ত কার্যকর হলো। বিশেষ করে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর জয় এবং নতুন সরকারের এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি


