২০২৬ সালের আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এখনো টিকে আছেন নেইমার জুনিয়র। তবে তার জন্য স্পষ্ট শর্ত বেঁধে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তির মতে, আগামী দুই মাসে নেইমারকে নিজের ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করতে হবে। পুরোপুরি ফিট হয়ে মাঠে সেরা ছন্দে ফিরতে পারলেই কেবল ২৬ সদস্যের দলে জায়গা পাবেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। বর্তমানে সান্তোসে খেললেও এখনো সেরা ফর্মে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “নেইমার অসাধারণ প্রতিভা। সে আমাদের বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে, তবে তাকে দেখাতে হবে যে সে এখনো সেই মানের খেলোয়াড়।” তিনি আরো জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং কোচিং স্টাফ নেইমারের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে সমর্থকদের মুখে নেইমারের নাম শোনা গেলেও আনচেলত্তি বিষয়টি গুরুত্ব দেননি। বরং তিনি দলে থাকা বর্তমান খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে চান।
উল্লেখ্য, বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।


