গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি ভ্যানে করে ঘাস বিক্রি করতেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন তিনি। পরে ধর্ষণচেষ্টার সময় পরিবারের লোকজন শিশুটিকে ডাক দিলে অভিযুক্ত তাকে ছেড়ে দেয় এবং হাতে কলা দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। শিশুটি পরে পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ করে।
শিশুটির মা মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


