গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ডাকবাংলো মোড় এলাকায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষামূলক আয়োজন থেকে ফেরার পথে নারী শিক্ষার্থীদের ওপর হামলার মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ রয়েছে, কিছু বখাটে শিক্ষার্থীদের কাছে মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি চায়। এতে রাজি না হওয়ায় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এমন ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য বড় ধরনের হুমকি বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, জনসমাগমস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা জোরদার করা জরুরি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কাশেমসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অভিযোগ রয়েছে, মেলা চলাকালে কিছু শিক্ষার্থী নারী অংশগ্রহণকারীদের কাছে ব্যক্তিগত যোগাযোগের তথ্য চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। পরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন।


