সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের হোস্টেলে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বৃহস্পতিবার (১৪ মে) দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন। তারা উভয়েই মেডিকেলের বিইউএমএস (ইউনানী) ৩৪তম ব্যাচের শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
এর আগে গত ২২ এপ্রিল রাতে হোস্টেলে সমকামিতার ঘটনা প্রকাশ্যে আসে। এ ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয় এবং বহিরাগত একজনসহ মোট পাঁচজনকে কাফরুল থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়।
কলেজ সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে প্রায় ৪০টি সমকামী গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তারা হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীদেরও এ ধরনের কর্মকাণ্ডে প্ররোচিত করতেন। এমনকি আরিয়ান রাব্বির ডেস্ক থেকে যৌনচর্চায় ব্যবহৃত বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়।
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান জানান, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড শেষে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকে তাদের সিট বাতিল করা হয়েছে। তবে ছাত্রত্ব বহাল থাকবে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের পদচ্যুতি এবং কলেজ কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপে ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষার বার্তা স্পষ্ট হয়েছে।


