সাকিব আল হাসানের খোলামেলা সাক্ষাৎকারে রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই তারকা সম্প্রতি ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘সিম্পলি সাঈদ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাক্ষাৎকারে সাকিব বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। নতুন রাজনৈতিক দল গঠন না করে প্রচলিত ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্নের জবাবেও তিনি নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন।
দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর থেকে এখন পর্যন্ত দেশে ফেরেননি সাকিব। ভবিষ্যতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা—এমন প্রশ্নে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”
নির্বাচনে অংশ নেওয়ার পেছনে কোনো নিরাপত্তাজনিত শঙ্কা কাজ করেছিল কি না এমন প্রশ্নে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে সাকিব বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।” তার এই বক্তব্যে নিজের শেকড় ও এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে আসে।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। তার সাম্প্রতিক এই সাক্ষাৎকার নতুন করে সেই আলোচনাকে আরও জোরালো করেছে।


