
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম বেড়েছে। আজ মঙ্গলবার (১৬ মার্চ), প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৩.২৮ ডলারে, আর ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৯৬.৮৫ ডলারে। গত সোমবারের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম (প্রতি ব্যারেল) ৩.১ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম (প্রতি ব্যারেল) ৩.৬ শতাংশ বেড়েছে।
বিভিন্ন জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষক সংস্থার মতে, আন্তর্জাতিক তেলের বাজারে এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হচ্ছে ইরানের হরমুজ প্রণালিতে চালানো অবরোধ। এই অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আগামী দিনে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিতিশীলতা হতে পারে।
হরমুজ প্রণালি, যা আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে, আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বব্যাপী যেসব তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই এই রুট ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করে তাদের তেল রপ্তানি করে, এবং এটি ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবেও পরিচিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। এরপর বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলাও চালানো হয়েছে। ১৫ দিন ধরে হরমুজ প্রণালিতে চলাচলরত ১২টিরও বেশি বিদেশী পতাকাবাহী ট্যাংকার জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে। এর ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে আন্তর্জাতিক তেলের বাজারে।
বৈশ্বিক জ্বালানির বাজার পর্যবেক্ষক সংস্থা ফিলিপ নোভা’র জ্যেষ্ঠ বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব রয়টার্সকে বলেন, “আন্তর্জাতিক তেলের বাজারের বর্তমান পরিস্থিতি মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে।”