
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ইউটিউব দেখে গাঁজার চাষ শুরু করেন বিল্লাল
নিজস্ব সংবাদদাতাঃ|গ্রেপ্তার
৩০ মার্চ ২০২৬, ০৫:৫৯

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইউটিউব দেখে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার মালিকানাধীন জমি থেকে অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে মাদক উৎপাদনের অভিযোগে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, তিনি ইউটিউবে ভিডিও দেখে গাঁজা চাষে উৎসাহিত হন। নিজের প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি গাঁজা গাছ রোপণ করেছিলেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, “শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।”
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে এবং আটককৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৫ PM