গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি ফিলিমন বাস্কের বিরুদ্ধে গঠনতন্ত্র উপেক্ষা করে একক সিদ্ধান্তে নিজেকে সভাপতি ঘোষণা করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিভক্তির আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিযোগ প্রকাশ্যে তুলে ধরেন। ‘সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী নেতা বার্নাবাস টুডু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ উপেক্ষা করে ফিলিমন বাস্কে নিজেকে সভাপতি ঘোষণা করেছেন, যা সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। বক্তারা দাবি করেন, এমন একতরফা সিদ্ধান্ত সংগঠনের ঐক্য নষ্ট করছে এবং চলমান ভূমি আন্দোলনকে দুর্বল করে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাফুরুল ইসলাম, সমন্বয়কারী সুফল হেমব্রম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ এবং প্রচার সম্পাদক আতাউর রহমান সাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ‘অবৈধভাবে গঠিত কমিটি’ বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে তারা গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্ধারণের দাবি জানান।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলমান ভূমি অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এ অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


