বাংলাদেশী বংশোদ্ভূত রাজনীতিক ডলি বেগম কানাডার ফেডারেল সংসদে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে অন্টারিও প্রদেশের টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে জয় লাভ করেন। বিষয়টি নিশ্চিত করেছে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ।
নির্বাচনে বিজয়ের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডলিকে অভিনন্দন জানান। তিনি লিখেছেন, “স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। কমিউনিটির জন্য উন্নত ভবিষ্যৎ গড়তে তিনি অত্যন্ত কার্যকরভাবে লড়াই করেছেন। তার অভিজ্ঞতা ও অক্লান্ত কণ্ঠস্বর একটি শক্তিশালী ও ন্যায়পরায়ণ কানাডা গঠনে সহায়ক হবে।”
লিবারেল পার্টিও তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ডলিকে অভিনন্দন জানিয়েছে।
১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন ডলি বেগম। তিনি দীর্ঘদিন ধরে কানাডার অন্টারিও প্রদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। লিবারেল পার্টির এমপি হওয়ার আগে তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রাদেশিক পার্লামেন্টে দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি ইতিহাস গড়েন—বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে কানাডার কোনো প্রাদেশিক বা ফেডারেল রাজনৈতিক পদে নির্বাচিত হন।
ডলি বেগমের এই অর্জনকে কানাডার বহুসাংস্কৃতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


