পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১২টি ড্রামে সংরক্ষিত প্রায় ৭৩০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং কৃত্রিমভাবে তৈরি নকল দুধ উদ্ধার করা হয়। এসময় কারখানার মূলহোতা আব্দুল মমিন ও তার চাচাতো ভাই আল আমিন পালিয়ে গেলেও মমিনের বাবা আজিজুল হককে আটক করা হয়।
আব্দুল মমিন বিলচলন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ২০ আগস্ট একই বাড়িতে নকল দুধ তৈরির অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে আবেদন করে তিনি দলে ফেরেন। সর্বশেষ শনিবার আবারও তার বাড়িতে নকল দুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। তবে মূল অভিযুক্ত পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস বলেন, “কোনো ব্যক্তির দায় দল নেবে না। এর আগে তাকে বহিষ্কার করা হয়েছিল, পরে আবেদন করার কারণে আবারও দলে নেওয়া হয়। এবার তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।


