
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধা গোডাউন রোডে ময়লার ভাগাড়, চরম স্বাস্থ্যঝুঁকি
মোঃ আল আমিন (গাইবান্ধা জেলা প্রতিনিধি)|জীবনযাপন
৩ এপ্রিল ২০২৬, ১২:৪০

গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডে সড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়ে চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশজুড়ে পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন গৃহস্থালির বর্জ্য স্তূপাকারে জমে রয়েছে। এতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। অনেক পথচারীকে নাকে রুমাল চেপে চলাচল করতে দেখা গেছে।
সড়কটির আশপাশে বাইতুল নূর জামে মসজিদ, শিশু বিকাশ অঙ্গন, হযরত আবু তালহা (রাঃ) নূরানী মাদ্রাসা অ্যান্ড কলেজ, টিউটর’স সেন্টার এবং আহমেদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে অবাধে ময়লা ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিদিন বর্জ্যের পরিমাণ বাড়ায় সড়ক সংকুচিত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বর্ষা মৌসুমে পচা বর্জ্য পানি ও কাদার সঙ্গে মিশে সড়কে ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। এতে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসী দ্রুত ময়লার ভাগাড় অপসারণ এবং সড়কের পাশে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৩ PM