গাইবান্ধায় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা শুভজিৎ সরকার শিবুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলার সাদুল্লাপুর উপজেলা শহরের ‘অথৈ অ্যান্ড তাথৈ কসমেটিকস’ নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শিবু বল্লমঝাড় ইউনিয়নের তালুক মন্দুয়ার এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি অনলাইন ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবেই বেশি পরিচিত।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শিবু একসময় অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। কিন্তু অনলাইন ক্যাসিনো ও অবৈধ জুয়া চক্রের সাথে জড়িয়ে পড়ার পর খুব অল্প সময়ের ব্যবধানে রাতারাতি তিনি বিপুল অর্থ ও সম্পদের মালিক বনে যান। তার এই হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার পেছনে মূল কারণ হিসেবে অনলাইন জুয়াকেই দায়ী করছেন স্থানীয়রা।
তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ জুয়া ও ক্যাসিনো পরিচালনার গুরুতর অভিযোগ রয়েছে। ডিবির এই অভিযানে তিনি আটক হলেও, তার চক্রের সাথে আর কারা জড়িত বা তার সম্পদের পরিমাণ কত— সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।


