গাইবান্ধা প্রতিনিধি: ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি কেন্দ্রীয়ভাবে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার।
অনুস্থানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ, স্বচ্ছ এবং জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মেলার মাধ্যমে সেবাগ্রহীতারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান (পর্চা) ও জমির নকশা/ম্যাপ উত্তোলনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন। এছাড়া ভূমি বিষয়ক যেকোনো তথ্য ও অভিযোগের জন্য ১৬১২২ নম্বরে কল করার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু জানান, এই ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলা চলাকালীন সাধারণ মানুষকে সরাসরি সব ধরনের ভূমি সেবা প্রদান করা হবে।


