
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কয়েকটি গ্রামের মুসল্লি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সময়সূচির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন স্থানীয় ধর্মীয় শিক্ষক আমিনুল ইসলাম।
সকাল থেকেই জেলার সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ওই স্থানে জড়ো হন। প্রায় ৩০ থেকে ৪০ জন মুসল্লি, শিশু-সহ, জামাতে অংশ নেন।
তালুক ঘোড়াবান্দা গ্রামের সাহারুল ইসলাম ও সোলায়মান জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করতে এখানে এসেছেন এবং প্রায় এক দশক ধরে এভাবেই ঈদ পালন করছেন। একই গ্রামের মোস্তফা বলেন, তাদের গ্রামের ৮-১০টি পরিবার নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী ঈদ উদযাপন করে আসছে।
গাইবান্ধা সদর উপজেলার হাসপাতাল বালুয়া এলাকার সেলিম জানান, তিনি ও তার পরিবারও গত ১০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছেন। বড় দুর্গাপুর গ্রামের আব্বাস আলী বলেন, তিনি ও তার বাবাসহ পরিবারের সবাই এবারও একইভাবে ঈদ উদযাপন করেছেন, যা তারা প্রায় সাত বছর ধরে পালন করছেন।