দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রেক্ষাপটে গাইবান্ধার চরাঞ্চলের কৃষক ও নৌকার মালিকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো এক ব্যতিক্রমী উদ্যোগ। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর কাছে সরকারি দামে ডিজেল পৌঁছে দিতে চালু করা হয়েছে বিশেষ জ্বালানি বিক্রয় কর্মসূচি।
আজ বৃহস্পতিবার বিকেলে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকার রসুলপুর পেট্রোলিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
সরকার নির্ধারিত এই কর্মসূচি ৯ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হওয়ায় চরাঞ্চলের কৃষক ও নৌকা মালিকদের জন্য জ্বালানি তেল সংগ্রহ এখন অনেকটাই সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে কৃষিকাজে নতুন গতি আসবে এবং নৌ-যোগাযোগ ব্যবস্থাও আরও সচল ও গতিশীল হবে।
স্থানীয় কৃষক ও নৌকা মালিকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব হিসেবে উল্লেখ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের জ্বালানি সংকটজনিত ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


