গাইবান্ধা-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল করিম সম্প্রতি মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় গাইবান্ধার সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচনায় গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হলে শিক্ষামন্ত্রী এ বিষয়ে সদয় সম্মতি প্রদান করেন। পাশাপাশি সরকারি পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী মহোদয় গাইবান্ধার শিক্ষাখাতকে আরও আধুনিক ও কর্মমুখী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। গাইবান্ধার শিক্ষার্থীরা যাতে যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে পারে, সে বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।” মোঃ আব্দুল করিম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু ধারণা দেন।
এমপি আব্দুল করিম জানান, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে গাইবান্ধার কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে স্থানীয় কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সরাসরি উপকৃত হবেন এবং শিক্ষার্থীরা কর্মমুখী শিক্ষার সুযোগ পাবেন।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে গাইবান্ধা শুধু শিক্ষাক্ষেত্রে নয়, কৃষি অর্থনীতিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।
এই আলোচনার মাধ্যমে গাইবান্ধার শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রীর সদয় সম্মতি ও আশ্বাস গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।


