
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় জেলের জালে ৯০ কেজির বিশাল মাছ
নিজস্ব প্রতিবেদকঃ|সারাদেশ
২০ মার্চ ২০২৬, ১৮:৫৫
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে বিরল এক বিশাল বাঘাইড় মাছ। প্রায় ৯০ কেজি ওজনের এই মাছটি শুক্রবার (২০ মার্চ) সকালে কামারজানি বন্দর এলাকায় ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়তেই দিনভর স্থানীয়রা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়।
পরে বিকেলে মাছটি বাজারে আনা হলে প্রথমে দাম ধরা হয় ১ লাখ ৩০ হাজার টাকা। শেষ পর্যন্ত পুরাতন বাজারের এক ব্যবসায়ী ১ লাখ টাকায় মাছটি কিনে নেন। পরে কেজি প্রতি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি শুরু হলে মুহূর্তেই শেষ হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে কিনেছেন।
জেলে মোস্তাফা মিয়া বলেন, “জীবনে এত বড় মাছ ধরা আমার প্রথম অভিজ্ঞতা। দাম নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম, তবে শেষ পর্যন্ত লাখ টাকায় বিক্রি করতে পেরেছি। মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ে, যা আমাদের সবার জন্য আনন্দের।”
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদে অতীতে বড় মাছ ধরা পড়লেও এত বিশাল বাঘাইড় বহু বছর পরে পাওয়া গেল। মোস্তাফার জালে ধরা এই মাছ শুধু তার নয়, পুরো এলাকার জেলেদের মুখে হাসি ফুটিয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৫ PM