
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
মোঃ আল আমিন:|সারাদেশ
৩১ মার্চ ২০২৬, ১৮:৫৭

গাইবান্ধা জেলায় টানা তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তারা শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, স্থানীয় রহমান অ্যান্ড পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ইঞ্জিন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের তেল সরবরাহ বন্ধ রেখেছে। এতে করে তারা চরম দুর্ভোগে পড়েছেন। সমস্যার সমাধানের দাবিতে চালকরা সোমবার (৩০ মার্চ) রাত থেকেই পাম্পের সামনে অবস্থান নেন। কিন্তু কোনো সমাধান না পেয়ে মঙ্গলবার সকালে বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন তারা।
অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন।
এদিকে, দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ব্যাপক তেল উদ্ধারের তথ্য জানিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৪:২১ PM