গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিকিৎসা নিতে আসা এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের বিরুদ্ধে। রোববার (১০ মে) দুপুর ১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হীরক পাড়া এলাকায় অবস্থিত ‘সাদিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারে’ এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ম্যানেজার আসাদুজ্জামান আসাদুল। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিঙ্গা গ্রামের কফিল উদ্দিনের মেয়ে কবিতা খাতুন (১৮) দুপুরে তার অসুস্থ মাকে থেরাপি দেওয়ার জন্য ওই ক্লিনিকে নিয়ে আসেন। থেরাপি চলাকালীন সুযোগ বুঝে ক্লিনিকের ম্যানেজার আসাদুজ্জামান আসাদুল ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ও শ্লীলতাহানি করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ম্যানেজার ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সাদিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের মালিক শাহীন বলেন, আমাদের গাইবান্ধায় একটি সংগঠন আছে। আমরা সেই সংগঠনের নেতাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।
তবে একজন রোগীকে সেবা দিতে এসে এমন ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তারা বলছেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রে যদি নারীরা নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


