
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গোবিন্দগঞ্জে অ/বৈধ ব্যাটারি গলানোর কারখানায় অভিযান: সিলগালা, মালিককে ২ লাখ টাকা জরিমানা।
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ মো: মিজানুর রহমান |সারাদেশ
৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ একটি অবৈধ ব্যাটারি গলিয়ে শিশা (লেড) উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে “থ্রি স্টার” নামের ওই কারখানাটি সিলগালা করা হয় এবং এর মালিককে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইমরান খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে কারখানাটিতে ব্যবহৃত পুরোনো ব্যাটারি গলিয়ে অবৈধভাবে শিশা উৎপাদন করা হচ্ছিল। এতে করে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছিল।
অভিযানের শুরুতেই কারখানার ভেতর থেকে সাতজন শ্রমিককে আটক করা হয়। পরে কারখানার মালিক মোঃ বেলাল হোসেনকে ডেকে এনে বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। ফলে তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করা হয় এবং তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় মহিমাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস-কে কারখানাটির সব ধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়, যাতে ভবিষ্যতে অবৈধভাবে পুনরায় কার্যক্রম চালানো না যায়।
তবে আটক শ্রমিকদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইমরান খান সতর্ক করে বলেন, প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়া এই কারখানার কার্যক্রম পুনরায় চালু করা যাবে না। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে এলাকাবাসী এখন কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৫:২৭ PM