
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় আ/হত অটোভ্যান চালক নুর আলমের মৃ/ত্যু।
নিজস্ব সংবাদদাতাঃ|সারাদেশ
৩১ মার্চ ২০২৬, ১৯:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অটোভ্যান চালক নুর আলম (খোরশেদ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি অটোভ্যান নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় গুরুতর আঘাত এবং কান দিয়ে রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৪:২২ PM