কুমিল্লায় দিনদুপুরে চুরির চেষ্টা করতে গিয়ে বারান্দার লোহার গ্রিলে আটকে পড়ে এক যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ২০ দিনের কারাদণ্ড দেন।
রোববার (১০ মে) দুপুরে নগরীর ইসলামপুর এলাকার একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সোমবার (১১ মে) সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আটক যুবকের নাম মারজান হোসেন জিহাদ (২২)। তিনি নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। সংশ্লিষ্ট ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় বসবাসরত এক ভাড়াটিয়া পরিবারের বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, রোববার দুপুরে জিহাদ বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে বের হওয়ার সময় শরীর আটকে যায়। এ সময় এলাকায় হইচই শুরু হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ২০ দিনের কারাদণ্ড দেন।
ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গ্রিলে আটকে প্রাণপণ চেষ্টা করছেন ওই যুবক। উপস্থিত জনতা তাকে টেনে বের করার চেষ্টা করে। একপর্যায়ে তিনি চিৎকার করে বলেন, “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।” প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর স্থানীয়রা তাকে গ্রিল থেকে বের করতে সক্ষম হন।


