
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা ও কৃত্রিম সংকট মোকাবিলায় সরকার এবার সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে জ্বালানি বিভাগ ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ অনেক দেশকে বড় ধরনের চাপের মুখে পড়তে হবে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনো একই পরিমাণ দেওয়া হচ্ছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহকৃত তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
সরকার মনে করছে, তেলের অপচয় ও মজুত রোধে ফুয়েল কার্ডই হতে পারে কার্যকর সমাধান। এই কার্ডে থাকবে একটি কিউআর কোড, যার মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করা যাবে।
ফুয়েল কার্ডের সুবিধা
সহজ পেমেন্ট: নগদ ছাড়াই তেল কেনা যাবে এবং প্রতিটি লেনদেনের রেকর্ড থাকবে।
খরচ নিয়ন্ত্রণ: কোম্পানি বা মালিকরা নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে পারবেন, পাশাপাশি ডিজিটাল রিপোর্ট পাওয়া যাবে।
নিরাপত্তা: কার্ড নির্দিষ্ট গাড়ি বা চালকের সঙ্গে যুক্ত থাকবে, ফলে অপব্যবহার কমবে।
সময় সাশ্রয়: কাগজের রসিদ জমার ঝামেলা থাকবে না, এককালীন চালান পাওয়া যাবে।
সরকারি সূত্র বলছে, পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে এটি চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়বে।