
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর পোরশা থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পোরশা থানা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় তিনি পোরশা থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলের আগে পুলিশ সুপার আকস্মিকভাবে পোরশা থানা পরিদর্শন করেন।
এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা আরও জোরদার করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, পোরশা থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।