
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
নতুন সংসদের প্রথম অধিবেশন: নিজামী, সাঈদী ও সাকা চৌধুরীসহ প্রয়াত নেতাদের নামে শোকপ্রস্তাব গৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ|জাতীয়
১৩ মার্চ ২০২৬, ০৫:০১

ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সংসদের দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী উত্থাপিত শোকপ্রস্তাবে যুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজন প্রয়াত নেতার নাম। বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে তাঁদের নাম অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানানো হলে স্পিকার তা গ্রহণ করেন। স্পিকার ঘোষণা দেন যে, বিরোধীদলীয় উপনেতা যাদের নাম প্রস্তাব করেছেন, তাঁদের সবার নামই রাষ্ট্রীয় শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান ও মীর কাসেম আলীর নামও শোকপ্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে। বিরোধী দলের এই দাবির প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেগুলোকে সংসদীয় নথিতে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেন এবং বিএনপির সাবেক প্রভাবশালী সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামটিও যোগ করে নেন। সংসদীয় এই পদক্ষেপকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
শোকপ্রস্তাব গ্রহণের আগে অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ‘জুলাইযোদ্ধাদের’ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া এবং জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের নিয়ে আলোচনার পর স্পিকার শোকপ্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম কার্যদিবসেই দেশের বিগত এক দশকের রাজনৈতিক পরিস্থিতির এক ধরনের সংসদীয় প্রতিফলন ঘটল বলে ধারণা করা হচ্ছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৫ PM