পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের ভোজে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি রোস্ট চান। এ সময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কনের মামা বাবলু আকন অভিযোগ করেন, আলম প্যাদার পক্ষ থেকে হামলা চালানো হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


