ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক পিতল ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ১ কোটি ২০ লাখ টাকার ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১৫ মে) এ ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা, তাঁর প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ মে ভোরে সশস্ত্র ডাকাতরা ইমরানের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে। তারা প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে যায়।
তদন্তে বেরিয়ে আসে, আরিবা দীর্ঘদিন ধরে আমরাহ জেলার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ভিন্ন জাতের কারণে পরিবার সম্পর্কটি মেনে না নেওয়ায় তারা দুজনে মিলে ডাকাতির পরিকল্পনা করেন। আরিবা আগেই বাড়ির প্রধান ফটকের চাবি সরবরাহ করেন এবং ঘটনার রাতে নিজেই ভেতর থেকে ডিজিটাল লক খুলে দেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন ও দুটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বাকি অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান চলছে। আদালতের মাধ্যমে পাঁচজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
নিজের মেয়ের এমন বিশ্বাসঘাতকতায় ব্যবসায়ী ইমরানের পরিবারে গভীর শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে।


