
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মির্জা আব্বাসের বিদেশ যাত্রা আপাতত স্থগিত, দেশে অস্ত্রোপচার সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ|রাজনীতি
১৩ মার্চ ২০২৬, ১৩:২৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে বিদেশে স্থানান্তরের উপযোগী নয় বলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা দেশের চিকিৎসার প্রতি আস্থা রেখেছেন। ভবিষ্যতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে বিদেশে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।
তিনি আরও বলেন, শুক্রবার একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে মির্জা আব্বাসের চিকিৎসা পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সম্মতিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরেন।
গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৯ PM