
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ।
২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাদের গণহত্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধ, যার পরিণতিতে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে জাতি।
জাতি আজ সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে মুক্তিযুদ্ধের শহীদদের। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে লাখো মানুষ সৌধ প্রাঙ্গণে সমবেত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে ইনসাফভিত্তিক, স্বনির্ভর ও কর্মমুখর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার চেতনা আমাদের সাহস ও দেশপ্রেমে উজ্জীবিত করে, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই স্বাধীনতার লক্ষ্য।
দিবস উপলক্ষে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার, জেলা-উপজেলায় সংবর্ধনা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা অংশ নেবেন।