রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং চুরির অভিনব এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজের নেওয়া একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেই বিগত দিনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে।
মোহাম্মদপুরে নিরাপত্তা ও গ্যাস সংকট নিয়ে প্রতিমন্ত্রীর টাউন হল সভা
শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
সভায় এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তিনি জানান, মোহাম্মদপুরে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরি-ছিনতাই বেড়ে গেছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হচ্ছে, তবে স্থায়ী উন্নতির জন্য আধুনিকায়ন প্রয়োজন। অপরাধীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস বা চাঁদাবাজি বরদাশত করা হবে না।
সভায় স্থানীয়রা তীব্র গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরলে ববি হাজ্জাজ বলেন, গ্যাস সংকট শুধু মোহাম্মদপুরের নয়, এটি সারাদেশের সমস্যা। তবে অনুমোদিত এলাকায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের চেষ্টা চলছে। তিনি আশ্বাস দেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে যাবে।
উন্মুক্ত এই সভায় ঢাকা-১৩ আসনের বিভিন্ন স্তরের নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারা সরাসরি নিজেদের সমস্যাগুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।


