জামালপুরের ইসলামপুর উপজেলার ধনতলা কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন একটি ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধ পানিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকার দৃশ্য শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ধনতলা ক্লিনিকের পাশের ডোবায় ওষুধ ভাসতে দেখে তারা হতবাক হন। খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল থেকে এলাকাবাসী সেখানে ভিড় করতে থাকেন। তাঁদের ধারণা, ওষুধগুলো ওই ক্লিনিকেরই ছিল।
এ বিষয়ে ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, তিনি অতিরিক্ত দায়িত্বে থাকলেও ডোবায় ওষুধ ভাসার বিষয়ে কিছুই জানেন না। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ক্লিনিকটি প্রায়ই বন্ধ থাকত এবং রোগীদের ওষুধ নেই বলে জানানো হতো। অথচ এখন বিপুল পরিমাণ ওষুধ ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে। তাঁদের ধারণা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ওষুধগুলো এভাবে ফেলা হয়েছে।
ঘটনার পর ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এসব ওষুধ যথাসময়ে বিতরণ করা হলে চরাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হতেন এবং স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই কমে আসত। বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।


