রংপুরের পীরগঞ্জে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্কৃতি পুনরুদ্ধারে ‘লালদিঘী যুব সমাজ’-এর উদ্যোগে আজ রবিবার (১০ মে) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘পাতা-চালা’ খেলা।
পীরগঞ্জ উপজেলার লালদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান সেলিম এবং সভাপতিত্ব করবেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশীদ (বাদল)।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুন কাদির শেখের সার্বিক পরিচালনায় আয়োজিত এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর বিএনপির সভাপতি মোঃ সাইফুল আজাদ মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তফা হারুন আর ইয়াতিমুল হাসান লিটন, ব্যবসায়ী নুর মোহাম্মদ গোলাম রব্বানীসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আবারও জনপ্রিয় হয়ে উঠবে।


