শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা। তিনি জানিয়েছেন, কিছু প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। সেগুলো শেষ হলে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টে শুরু হবে।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর সলিসিটরের মাধ্যমে অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়। ফৌজদারি আইনে অভিজ্ঞ এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে আইনি লড়াই করবেন।
গত ১৯ মে সোহেল রানা শিশুরামিসাকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনায় তাকে সহায়তা করেন স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুজনকেই মৃত্যুদণ্ড দেন। রায়ের পর তাদের কনডেম সেলে পাঠানো হয়। পরে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।


