গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিন (২৪) কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ইসলামি শরিয়াহ মোতাবেক আল আমিনের সঙ্গে এক তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ২০২৫ সালের ১০ অক্টোবর একতরফাভাবে স্ত্রীকে তালাক দেন আল আমিন।
অভিযোগ অনুযায়ী, তালাকের পর পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে সাবেক স্ত্রীকে তার খালার বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আল আমিন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বিয়ের দাবি জানালে অভিযুক্ত তা অস্বীকার করেন। পরে চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং-০৯)।
মামলার পর থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র্যাব-৪, সিপিসি-২ (ঢাকা) যৌথভাবে অভিযান চালায়। রবিবার বিকেলে আশুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


