
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
‘শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হ/ত্যা’, দুলাভাই গ্রে/প্তার
নিজস্ব সংবাদদাতাঃ|গ্রেপ্তার
৫ এপ্রিল ২০২৬, ১৬:৪২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম শরিফা খাতুন, তিনি আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শরিফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ধানখেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তিতে বেশি অংশ পাওয়ার লোভে অন্তর তার শ্যালিকা শরিফাকে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে দেয়।"
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্তরের বাড়ি উপজেলার লালপুর এলাকায়।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৭ PM