
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের সদস্য আটক
নিজস্ব প্রতিবেদকঃ|গ্রেপ্তার
২৬ মার্চ ২০২৬, ১৮:২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের এক সদস্য জুনায়েদ হোসেন খান লিংকনকে আটক করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় লিংকনকে আটক করে সিটি-এসবি সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সিটি-এসবি’র গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এক ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, জানা গেছে, ফেসবুকের মাধ্যমে জুনায়েদ ভিকটিমের সাথে পরিচয় হয়। মেসেঞ্জারে কিছুদিন কথা বলার পর জুনায়েদ তাকে ৫ লাখ টাকার বিনিময়ে তার কিডনি বিক্রি করার প্রস্তাব দেন। ভিকটিম রাজি হলে জুনায়েদ তাকে ঢাকায় এনে পাকিস্তানের ভিসা করিয়ে বিমানবন্দরে পাঠান। সিটি-এসবি গোপনসূত্রে জানতে পেরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ইমিগ্রেশন পুলিশ ভিকটিম এবং আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, জুনায়েদ আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের সদস্য। চক্রটি বাংলাদেশ থেকে লোকজনকে টাকার লোভ দেখিয়ে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে মানবপাচারের মাধ্যমে কিডনি বিক্রি করে থাকে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানিয়েছেন, ইমিগ্রেশন পুলিশ আসামিকে থানায় নিয়ে এসেছে এবং হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৫ PM