
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
সিঙ্গাপুরেও হারল বাংলাদেশ
যুবতারা ডেস্কঃ|খেলা
৩১ মার্চ ২০২৬, ১৫:০৭

বাংলাদেশের ফুটবলে বহুল প্রচলিত প্রবাদ—“শেষ ভালো যার, সব ভালো তার”—এবার আর সত্যি হলো না। এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে হতাশার সুরেই অভিযান শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশের এশিয়ান কাপ স্বপ্নের ইতি ঘটেছে।
‘সি’ গ্রুপ থেকে আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক সিঙ্গাপুর। ফলে আজকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে নিজেদের মাঠে নামায় জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামে তারা। প্রথমার্ধে এক গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আর তেমন আক্রমণাত্মক হয়নি সিঙ্গাপুর।
অন্যদিকে, গোল না পেলেও আক্রমণে পিছিয়ে ছিল না বাংলাদেশ। অন টার্গেটে শটের সংখ্যায়ও এগিয়ে ছিল তারা। ম্যাচের ৭৮তম মিনিটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল দলটি। হামজার ক্রসে সাদ উদ্দিনের ছোঁয়া পোস্টে লেগে ফিরে আসে, অল্পের জন্য বঞ্চিত হয় সমতা।
দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েকজন খেলোয়াড়কে বদলি হিসেবে নামিয়ে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করেন। এতে খেলায় কিছুটা প্রাণ ফিরে এলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।
সিঙ্গাপুরও দ্বিতীয়ার্ধে কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা দুবার পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন, একবার প্রায় পরাস্তও হয়েছিলেন। তবে সিঙ্গাপুরের ফরোয়ার্ড সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১তম মিনিটে। বাংলাদেশের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেয় সিঙ্গাপুর, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
শুরুর দিকে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোল না পাওয়ায় শেষ পর্যন্ত কাউন্টার অ্যাটাকে শাস্তি পেতে হয়েছে বাংলাদেশকে। ফলে হার নিয়েই এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করতে হলো দলটিকে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ১২:৪৪ PM