তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস লিখতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাতি বিজয়। ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে রয়েছে ১১০টিরও বেশি আসনে, যা ইতোমধ্যে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে দেখছে তার পরিবার ও সমর্থকরা।
চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে এখন উৎসবের আমেজ। পরিবারের সদস্যদের নাচ-গান, উচ্ছ্বাস—সব মিলিয়ে যেন বিজয়ের দীর্ঘ দিনের স্বপ্নপূরণের মুহূর্ত। এমনকি তার জনপ্রিয় গান ‘Whistle Podu’-তেও মেতে উঠতে দেখা গেছে পরিবারের সদস্যদের।
বিজয়ের মা শোভা চন্দ্রশেখর আনন্দ লুকাতে পারেননি। তিনি বলেন, “আমি খুবই খুশি।” পাশে দাঁড়িয়ে বাবা এস. এ. চন্দ্রশেখর জানান, “তিনি শুধু মা নন, বিজয়ের প্রথম ভক্তও।” তিনি আরও বলেন, “গত ৩০ বছর ধরে বিজয়ের মনে ছিল তামিলনাড়ুর জন্য কিছু করার স্বপ্ন। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।”
বিজয়ের বাবা আরও জানান, গত দুই বছরে ছেলের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। কোনও জোট ছাড়াই নিজের শক্তিতে দাঁড়িয়ে লড়াই করার সিদ্ধান্তকে তিনি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। তার ভাষায়, “এটা শুধু জয় নয়, এটা ঐতিহাসিক বিজয়।”
পরিবারের সদস্যরা মনে করেন, বিজয়ের জনপ্রিয়তার মূল কারণ তার মানুষের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক। মহিলারা তাকে নিজের ছেলের মতো দেখেন, কেউ ভাই মনে করেন, আবার বয়স্করা নাতির মতো ভালোবাসেন। এভাবেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন থালাপতি বিজয়।
গত ২৩ এপ্রিল এক দফায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল এখন প্রায় স্পষ্ট। ১১৮ আসনের মধ্যে টিভিকে এগিয়ে রয়েছে ১০৯টিতে। সবকিছু ঠিক থাকলে, তামিলনাড়ু খুব শিগগিরই পেতে পারে তাদের নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে। একজন তারকা থেকে নেতা হয়ে ওঠার এই যাত্রায় মানুষের ভালোবাসাই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শক্তি।
ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।


