
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
দেশে সরকারি চাকরিতে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। বুধবার (১ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই তথ্য জানান।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী জানান, মোট অনুমোদিত ১৯ লাখ ১৯ হাজার ১শ ১১টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। শূন্য পদগুলোর মধ্যে প্রথম শ্রেণির ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণির ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারি শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দ্রুততম সময়ে এই পদগুলোতে নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে কারিগরি ও সেবামূলক পদগুলোতে নিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।